গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরকে ফোন করে তাঁর স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি গতকালের ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
গণঅধিকার পরিষদের উচ্চপর্যায়ের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা ফোন করে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। নুরুল হক নুর ঘটনাটির বিস্তারিত তুলে ধরলে, প্রধান উপদেষ্টা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর শুক্রবার (২৯ আগস্ট) রাতে আল রাজী টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
ঘটনাটি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।



