প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদ্য মনোনীত চার সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপি আশা করছে, তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণ পরামর্শের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।
১৯ সদস্যের বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য যোগ দেওয়ার আগে ১৩ জন সদস্য ছিলেন। তারা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী করা হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। ফলে চার নতুন সদস্য যুক্ত হওয়ার পর বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।



