প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো হালনাগাদ অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে নির্ধারিত হবে, তার অফিস থেকেই আপনারা জানতে পারবেন।”
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান। চলতি মাসে এই সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে সফরের আগে ভারতকে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানো এবং সন্দেহভাজন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে বাংলাদেশ যে বার্তা ভারতকে দিয়েছে, এ বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।



