জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার স্বল্প ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। ফলে ৫২ আসনের বাসে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে আগের তুলনায় ১৭ টাকা বেশি ভাড়া গুনতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়া ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, মঙ্গলবারই সংশোধিত ভাড়ার প্রজ্ঞাপন জারি করা হবে এবং একই দিন থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
মহানগরে কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বাড়ল
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে যাত্রীকে আগের চেয়ে ১৭ পয়সা বেশি দিতে হবে।
দূরপাল্লার বাসের ভাড়াও একই হারে বাড়ানো হয়েছে। এতদিন প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা ভাড়া নেওয়া হলেও এখন তা বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।
ফলে ৫২ আসনের একটি বাসে ১০০ কিলোমিটার যাত্রায় আগের তুলনায় ১৭ টাকা বেশি ভাড়া দিতে হবে।
ডিটিসিএ এলাকাতেও নতুন ভাড়া
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত এলাকাতেও বাসভাড়া বাড়ানো হয়েছে। এসব এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে যাত্রাপথ ও স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকা বহাল থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।
জ্বালানি তেলের দাম বেড়েছে লিটারে ২০ টাকা
এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। নতুন দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
সংশোধিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোল ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন খাতের পরিচালন ব্যয় সমন্বয়ের অংশ হিসেবে বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হলো।



