ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
কমিটির সভাপতি হিসেবে মো. আশরাফ উদ্দিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।
কমিটির সদস্যরা হলেন—জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, সরকারদলীয় চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন মো. আশরাফ উদ্দিন।



