মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুস এবং আরও দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (২২ আগস্ট) এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে রয়টার্সকে জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা।
বরখাস্তের কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও, ক্রুস ছাড়াও বরখাস্তের তালিকায় রয়েছেন মার্কিন নৌবাহিনীর রিজার্ভ বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর বিশেষ যুদ্ধ কমান্ডের কমান্ডার।
তিন কর্মকর্তাই জানিয়েছেন, তাদের অপসারণের কারণ সম্পর্কে তারা কিছু জানেন না। মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির সহ-সভাপতি সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন, “জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট আরেকজন শীর্ষ কর্মকর্তার বরখাস্ত প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন গোয়েন্দা ব্যবস্থাকে দেশের সুরক্ষার পরিবর্তে আনুগত্য যাচাইয়ের উপকরণ হিসেবে ব্যবহার করছে।”
তিনি আরও বলেন, এটি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যেখানে ভিন্নমতাবলম্বী বর্তমান ও সাবেক সামরিক, গোয়েন্দা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের লক্ষ্য করা হচ্ছে।



