পুলিশ চাইলেই সাধারণ মানুষকে ধরে মারধর কিংবা তল্লাশি চালাতে পারে কি না, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে। গত ২২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় হঠাৎ অভিযান চালায় পুলিশ। পরদিন একই ধরনের ঘটনা দেখা যায় সোহরাওয়ার্দী উদ্যানে। মাদকবিরোধী অভিযানের নামে সাধারণ শিক্ষার্থী, পথচারী এবং বিনোদনপ্রেমীদের যেভাবে জেরা, তল্লাশি ও ক্ষেত্রবিশেষে লাঠিপেটা করা হয়, তা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ সদস্যদের কেউ কেউ নাগরিকদের মানিব্যাগ, পকেট এবং মোবাইল ফোন চেক করছেন কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই। এমনকি এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের সময় ‘ভদ্রলোক ইফতারের পর এখানে আসে না’ বলে মন্তব্য করে মারধর করার দৃশ্যও ভাইরাল হয়েছে।রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করা হবে, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের এমন ঘোষণার পরপরই এ অভিযানগুলো শুরু হয়। যদিও পরবর্তীতে শিক্ষামন্ত্রী তার এ নির্দেশনাটি নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের জন্য দিয়েছেন এবং এটি সারাদেশের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছেন।
মানবাধিকারকর্মী ও আইনজীবীরা বলছেন, দেশের কোনো আইনই সাধারণ মানুষকে মারধরের অধিকার দেয়নি পুলিশকে। সাধারণ মানুষকে মারধর বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন। পুলিশের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। বাহিনীর কিছু সদস্যের বিতর্কিত কর্মকাণ্ড পুরো পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। জনগণের জানমাল রক্ষার পরিবর্তে যদি সাধারণ মানুষই নির্যাতনের শিকার হন, তবে তা রাষ্ট্র ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক।গত সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও বিপ্লবী যুব আন্দোলনের নেতা নাইম উদ্দীনসহ কয়েকজনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে পরদিন মঙ্গলবার শাহবাগ থানায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা ‘হারুন গেছে যে পথে, মাসুদ যাবে সে পথে’, ‘আমার ভাইকে মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘শাহবাগ থানা জবাব চাই, আমার ভাইকে মারলো কেন’, ‘মাসুদের গদিতে, আগুন জ্বালো একসাথে’সহ নানান স্লোগান দেন।
ওই রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় সমালোচনার মুখে পরদিনই (মঙ্গলবার) পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়।পরে ডিসি মাসুদ জানান, সোমবার রাতের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আরও দু-তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।রাস্তায় পুলিশ কাউকে থামালে বা প্রশ্ন করলে অনেকেই ঘাবড়ে যান। তবে পুলিশ আইন ১৮৬১-এর ২৩ ধারা অনুযায়ী, অপরাধ প্রতিরোধ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৬১ ধারা পুলিশকে যে কোনো ব্যক্তিকে তদন্তের স্বার্থে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা দিয়েছে।



