আগামী সপ্তাহে পুলিশের অধীনে পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ জন্য পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপির একটি পদ সৃষ্টির প্রয়োজন হলে তা করা হবে বলেও জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন সাইবার সিকিউরিটি ইউনিটের কার্যক্রম মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে বিস্তৃত থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম রাখা হবে। পাশাপাশি পুলিশ সদরদপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের জন্য প্রকল্প প্রণয়নের নির্দেশ কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছে। যেসব বিষয় জটিল ও বড় পরিসরের, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে আনা হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয় সেখানেই নিষ্পত্তি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধপ্রবণতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্বের কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে বাংলাদেশেও সাইবার অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এ সময় তিনি আরও বলেন, পুলিশের কেউ যদি ‘ফ্যাসিবাদ’-এর সঙ্গে সম্পৃক্ত থেকে যোগাযোগ রক্ষা করে বা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।



