পাবনায় বাঁশবোঝাই ট্রাকচাপায় দুই স্কুল শিক্ষার্থী ও এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন—আতাইকুলা থানার ধর্মগ্রামের অটোভ্যানচালক আকরাম আলী (৫৬), গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার শামসুল মোল্লার মেয়ে ও স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তাসনিয়া (১৩), এবং পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে একই স্কুলের শিক্ষার্থী নুর মোহাম্মদ তোহা (১৩)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্কুলে যাওয়ার জন্য কয়েকজন শিক্ষার্থী অটোভ্যানে করে বাঙ্গাবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশে অপেক্ষা করছিল। এ সময় পাবনা অভিমুখে আসা একটি বাঁশবোঝাই ট্রাক সামনে থাকা আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি মহাসড়কের পাশে থাকা অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থী ও চালক মারা যান। আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ওসি মুস্তাফিজুর রহমান জানান, “ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অটোভ্যানকে চাপা দেয়। ট্রাকটি জব্দ করা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।”



