উত্তরপ্রদেশের বেহরাইচ জেলার রামগাঁও থানার অন্তর্গত খাসা মুহাম্মদপুর এলাকায় পাঁচ যুবককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।
হিন্দি সংবাদমাধ্যম ‘আজতক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের নাম—অবিনাশ, অজিত কুমার, বিজয় প্রতাপ, অঙ্কুল ও সৎপাল। তারা সকলেই আম্বেদকর নগর গ্রামের বাসিন্দা।
জেলার পুলিশ সুপার রাম নায়ন সিং জানিয়েছেন, ‘‘ভিডিওতে কিছু যুবককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে রামগাঁও থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।’’
তিনজন পলাতক, মোট আটজনের বিরুদ্ধে মামলা
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হলেও তিনজন পলাতক রয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভীম আর্মির সম্পৃক্ততার অভিযোগ
স্থানীয় কিছু সূত্রের দাবি, অভিযুক্তরা ভীম আর্মির সঙ্গে জড়িত। তবে এই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, ফলে বিষয়টি রাজনৈতিক মোড়ও নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি, সাইবার সেল ভিডিওটি কার দ্বারা ধারণ ও প্রচার করা হয়েছে তা শনাক্তের জন্য বিশ্লেষণ চালাচ্ছে।



