পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে এ কম্পন অনুভূত হয়।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর গভীরতা ছিল প্রায় ১৫৯ কিলোমিটার।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন এ তথ্য জানিয়েছে।
ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাব পাকিস্তান ছাড়াও তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানে অনুভূত হয়েছে।
দ্য ডন–এর প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে এবং একাধিক ফল্ট লাইনের কারণে এখানে মাঝেমধ্যেই ভূকম্পন ঘটে।



