tanaka
প্রচ্ছদজাতীয়নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রপতির সমবেদনা

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রপতির সমবেদনা

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় তিনি নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এর আগে একই ঘটনায় বাংলাদেশ সরকারও শোক প্রকাশ করেছে। পাশাপাশি নেপালের চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে যেকোনো ধরনের সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সরকার।

বুধবার (২৬ আগস্ট) আকস্মিক বন্যার পর নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। এ ঘটনায় প্রায় ৪০০ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন বলে জানা গেছে।

ভোতেকোশি নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নেপাল-চীন সীমান্তসংলগ্ন এলাকায় লহেন্দে নদীর পানি তুষারধসে তৈরি ধ্বংসস্তূপের কারণে আটকে যায়। পরে জমে থাকা পানি ও ধ্বংসাবশেষের বড় একটি স্রোত ভোতেকোশি নদীতে নেমে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

স্থানীয় এলাকায় তখন বৃষ্টিপাত না থাকায় বাসিন্দারা এই বিপর্যয়ের আগে কোনো সতর্কবার্তাও পাননি বলে জানা গেছে।

বন্যার পানিতে অন্তত নয়টি জলবিদ্যুৎ প্রকল্প ও বাণিজ্যিক ব্যাংকের নয়টি শাখা ধ্বংস হয়েছে। এ ছাড়া প্রাথমিক হিসাবে ১৯টি যান চলাচলযোগ্য সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক ক্ষতিগ্রস্ত বা পানিতে ভেসে গেছে।

তবে ভয়াবহ এই দুর্যোগে অবকাঠামো ও সম্পদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধান ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার-ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।