নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন স্পিকার। আহতদের দ্রুত সুস্থতার জন্যও তিনি প্রার্থনা করেন।
এর আগে বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ৪০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক ও নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।
ভোতেকোশি নদীতে হঠাৎ বন্যার কারণে নেপালের অন্তত তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।



