সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের সহিংসতা দূর করতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির আগে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। দীর্ঘ ত্যাগ, সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা কোনোভাবেই অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীরাও সমান দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
বিএনপির এই নেতা দলের নেতাকর্মীদের সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার আহ্বান জানান।
নারীদের জন্য চালু করা ফ্যামিলি কার্ডকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, এটি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে নারীর সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকার, রাজনৈতিক দল ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সবাই এমপি বা মন্ত্রী হবেন না, তবে আপনাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই আপনারাই নেতৃত্বের অংশ।
এ ছাড়া অতীতে মহিলা দল যেভাবে হাসিনার হৃদকম্পন তৈরি করেছে, তেমনিভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে চেষ্টা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।



