tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআবারও নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’

আবারও নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’

প্রায় তিন দশক পর আবারও নিলামে উঠতে যাচ্ছে প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’। আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সরাসরি নিলামে ঐতিহাসিক এই পোশাকটি বিক্রির জন্য তোলা হবে।

গ্রিক ফ্যাশন ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা কালো মিনিড্রেসটি ১৯৯৪ সালে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই বছর লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে আয়োজিত একটি দাতব্য নৈশভোজে পোশাকটি পরেছিলেন তৎকালীন প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা।

সেই রাতটি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। একই সময়ে জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তৎকালীন প্রিন্স চার্লস তাদের দাম্পত্য জীবনে বিশ্বাসভঙ্গের কথা প্রকাশ্যে স্বীকার করেন। আর সেই রাতেই ডায়ানার সাহসী ও আকর্ষণীয় পোশাকটি গণমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরপর থেকেই পোশাকটি পরিচিতি পায় ‘রিভেঞ্জ ড্রেস’ নামে।

১৯৯২ সালে চার্লস ও ডায়ানা আলাদা হয়ে যাওয়ার পর ১৯৯৬ সালে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। এর এক বছর পর, ১৯৯৭ সালে ক্যান্সার ও এইডস–সংক্রান্ত দাতব্য কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহে ডায়ানা পোশাকটি প্রায় ৪০ হাজার ব্রিটিশ পাউন্ডে বিক্রি করে দেন।

তবে পোশাকটি বিক্রির মাত্র দুই মাস পরই প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা। পরে স্কটল্যান্ডের ব্রিজ ও গ্রাহাম ম্যাকেনজি দম্পতি পোশাকটির মালিক হন। বিভিন্ন দাতব্য কার্যক্রমে অর্থ সংগ্রহের জন্যও তারা পোশাকটি ব্যবহার করেছেন।

নিলাম প্রতিষ্ঠান সোথবির এক বিবৃতিতে ব্রিজ ম্যাকেনজি বলেন, “আমি আশা করি পোশাকটি এমন কারও কাছে যাবে, যিনি এটি নিজের কাছে রাখার মাধ্যমে ঠিক ততটাই আনন্দ পাবেন, যতটা আমরা পেয়েছি।”

সোথবির তথ্য অনুযায়ী, নিউইয়র্কের নিলামের আগে বিশ্বের কয়েকটি শহরে পোশাকটি প্রদর্শন করা হবে। লন্ডন, হংকং ও জেনেভায় জনসাধারণের জন্য এটি প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

নিলাম প্রতিষ্ঠানটির অনুমান, প্রিন্সেস ডায়ানার ঐতিহাসিক এই ‘রিভেঞ্জ ড্রেস’ ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলারের মধ্যে বিক্রি হতে পারে।