tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘নারীরা কারও সম্পত্তি নয়’—ক্যাটরিনাকে ঘিরে ট্রলের জবাব হানিয়ার

‘নারীরা কারও সম্পত্তি নয়’—ক্যাটরিনাকে ঘিরে ট্রলের জবাব হানিয়ার

নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কনটেন্ট ক্রিয়েটরের নাম উল্লেখ না করেই নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রূপ ও কটূক্তির বিরুদ্ধে সরব হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনি বলেছেন, ‘নারীরা কারও সম্পত্তি নয়।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে অবস্থান জানান হানিয়া। তার এই বক্তব্যের সময় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সামাজিক মাধ্যমে চলা নানা সমালোচনা ও ট্রলের বিষয়টি আলোচনায় আসে।

সন্তান জন্মের দীর্ঘদিন পর প্রকাশ্যে আসার পর ক্যাটরিনাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ও আলোচনা শুরু হয়। যদিও হানিয়া তার বক্তব্যে ক্যাটরিনার নাম সরাসরি উল্লেখ করেননি।

হানিয়া লেখেন, ২০২৬ সালে নারীর শরীর, চেহারা, সৌন্দর্য, বয়স কিংবা ব্যক্তিগত জীবনকে রসিকতার বিষয় বানানোই হাস্যকর। তার মতে, কোনো নারীর ব্যক্তিগত বিষয়কে বিনোদনের উপকরণে পরিণত করার প্রবণতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

‘মতামত বা হাস্যরস বললেই গ্রহণযোগ্য নয়’

নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রূপের ঘটনা পাকিস্তানেও নতুন নয়। এর আগে অভিনেত্রী জালাই সারহাদি ও আমনা ইলিয়াসও এ ধরনের আচরণের বিরুদ্ধে কথা বলেছেন।

তাদের বক্তব্য ছিল, সামাজিক মাধ্যমে পরিচিত নারীদের নিয়ে বিদ্রূপের প্রভাব শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সমাজের তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন নারীরাও এ ধরনের আচরণের নেতিবাচক প্রভাবের শিকার হতে পারেন।

হানিয়াও নারীদের চেহারা, শরীর, বয়স ও ব্যক্তিগত জীবন নিয়ে হাসি-তামাশা কিংবা কনটেন্ট তৈরির প্রবণতার সমালোচনা করেন। তার ভাষ্য, কোনো কিছুকে ‘মতামত’ বা ‘হাস্যরস’ হিসেবে উপস্থাপন করলেই তা গ্রহণযোগ্য হয়ে যায় না।

তিনি বলেন, মন্তব্য করা এবং কোনো নারীর ব্যক্তিগত জীবনকে বিনোদনের উপকরণে পরিণত করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

হানিয়ার মতে, মানুষের বলা কথার প্রভাব শুধু সেই মুহূর্তেই সীমাবদ্ধ থাকে না। বিশেষ করে কোনো জনপ্রিয় ব্যক্তি কোনো বিষয়ে মন্তব্য করলে তার প্রভাব ভক্ত ও অনুসারীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ‘আপনি শূন্যে কথা বলছেন না। অন্যরা কোন বিষয়কে স্বাভাবিক, মজার ও গ্রহণযোগ্য মনে করবেন, আপনি সেটি তৈরি করছেন।’

দর্শকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান

শুধু কনটেন্ট নির্মাতাদের নয়, দর্শকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন হানিয়া আমির। তার মতে, লাখো মানুষ যখন কোনো কনটেন্ট দেখেন, শেয়ার করেন বা জনপ্রিয় করে তোলেন, তখন তারাও পরোক্ষভাবে ঠিক করে দেন—নারীদের নিয়ে কী ধরনের মন্তব্য সমাজে গ্রহণযোগ্যতা পাবে।

হানিয়া বলেন, সমাজের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করার পাশাপাশি নারীদের নিয়ে অবমাননাকর বিষয়কে জনপ্রিয় করে তোলা উচিত নয়।

নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘নারীরা কারও সম্পত্তি নয়। তাদের শরীর জনসমক্ষে মন্তব্য করার বিষয় নয়, আর তাদের চেহারাও জনসমক্ষে আলোচনার উপকরণ হওয়া উচিত নয়। এতদিনে আমাদের এসব থেকে এগিয়ে আসা উচিত ছিল।’

এ ধরনের কনটেন্টকে জনপ্রিয় না করার আহ্বান জানিয়ে হানিয়া আরও বলেন, ‘এ ধরনের কনটেন্টকে ছড়িয়ে পড়ার সুযোগ দেওয়া বন্ধ করুন। নারীদের নিয়ে তামাশা করা এবং সেটিকে বিনোদন বলা বন্ধ করুন। আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারি।’