tanaka
প্রচ্ছদজাতীয়নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা রোধে কাবিননামায় বর-কনের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্ত ও যাচাই বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর ও তানজিলা রহমান জুঁই।

রিটে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

কাবিননামায় তথ্যের ঘাটতির অভিযোগ

রিট আবেদনে বলা হয়, বর্তমানে ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ফরম ঘ’-এর কাবিননামায় বর ও কনের আগের ও বিদ্যমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী, বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য, সন্তান এবং আগের সম্পর্ক থেকে সৃষ্ট ভরণপোষণ, অভিভাবকত্বসহ চলমান আইনগত দায়দায়িত্ব প্রকাশ ও যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই।

বর্তমান কাবিননামায় বরের বিদ্যমান স্ত্রী এবং সালিশি পরিষদের অনুমতি সংক্রান্ত কিছু তথ্য চাওয়া হলেও তার আগের সব বিয়ে, তালাক, সাবেক স্ত্রী ও সন্তানদের পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নেই।

একইভাবে কনের ক্ষেত্রেও আগের বৈবাহিক ইতিহাস যাচাইয়ের সমতাভিত্তিক ব্যবস্থা নেই বলে রিটে উল্লেখ করা হয়।

তথ্য গোপনে প্রতারণার আশঙ্কা

রিটে বলা হয়, গুরুত্বপূর্ণ এসব তথ্য গোপন করে পরবর্তী বিয়েতে আবদ্ধ হওয়ার সুযোগ থাকায় প্রতারণা ও পারিবারিক বিরোধ তৈরি হতে পারে। এতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

একই সঙ্গে বিদ্যমান স্বামী বা স্ত্রী এবং সন্তানদের আইনগত অধিকারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

কাবিননামা সংশোধনের দাবি

রিটে কাবিননামা সংশোধন করে বর ও কনের আগের ও বিদ্যমান সব বিয়ের তথ্য, আগের বা বিদ্যমান বিয়ের সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ, অভিভাবকত্ব ও অন্যান্য আইনগত দায়দায়িত্ব এবং জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার নির্দেশনা চাওয়া হয়।

শুনানি শেষে হাইকোর্ট জানতে চান, এসব তথ্য কাবিননামায় অন্তর্ভুক্ত করে তা হালনাগাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

একই সঙ্গে নাগরিকদের পারিবারিক জীবন ও অধিকার সুরক্ষায় কাবিননামার সংশ্লিষ্ট ফরম সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করেন আদালত।