বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা ২০ শতাংশ হারে বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেন তারা। একই সঙ্গে জানানো হয়, দাবি পূরণের জন্য সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগের দিন, সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ জানান ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, “আজ রাতের মধ্যে যদি দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে লং মার্চসহ চলমান কর্মবিরতি আরও কঠোরভাবে পালন করা হবে।”
আন্দোলনের অংশ হিসেবে, সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। পাশাপাশি, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে—যেখানে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানানো হচ্ছে।
শিক্ষক নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।



