নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এমএ ওয়াদুদ আর নেই। বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬১ বছর বয়সে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় ধামইরহাট উপজেলার রাঙামাটি গ্রামে এমএ ওয়াদুদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এমএ ওয়াদুদের মৃত্যুতে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।



