চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন—শুক্রবার (১৭ অক্টোবর) এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। অভিযোগ অনুযায়ী, তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ দেন, যার ফলে প্রায় ১,৪০০ জন নিহত হন।
প্রসিকিউশন দাবি করেছে, শেখ হাসিনার নির্দেশেই দমন অভিযানে নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুযায়ী, তার ১৫ বছরের শাসনের শেষ দিকে সংঘটিত গণঅভ্যুত্থানে আনুমানিক ১,৪০০ জন প্রাণ হারান। আন্দোলনটির সূত্রপাত হয়েছিল ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন থেকে, যা অল্প সময়েই শেখ হাসিনার পদত্যাগ দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টারে দেশত্যাগ করেন। এর কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে। ওই দিন ঢাকার এক ব্যস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫২ জন নিহত হয়—যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বিবেচিত।
প্রসিকিউটর ময়নুল করিম বলেন, ফোন রেকর্ড, অডিও-ভিডিও ও সাক্ষ্যপ্রমাণ শেখ হাসিনাকে সরাসরি হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত করে। তার দাবি, “আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারব যে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের যোগ্য।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ধারণা করা হচ্ছে, তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
অন্যদিকে, সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন গত জুলাইয়ে গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে, শেখ হাসিনার নির্দেশেই তিনি বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার ও ড্রোন হামলা চালিয়েছিলেন।
প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন, “শেখ হাসিনা ১,৪০০ বার মৃত্যুদণ্ডের যোগ্য। যেহেতু তা সম্ভব নয়, তাই অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করছি।”
তিনি আরও যোগ করেন, “তার উদ্দেশ্য ছিল শুধু নিজের ও পরিবারের ক্ষমতা চিরস্থায়ী করা। তিনি একজন কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন, যার কোনো অনুশোচনা নেই।”
শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা রোববার (১৯ অক্টোবর) থেকে যুক্তি উপস্থাপন শুরু করবেন। চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টনের প্রক্রিয়াও শুরু হবে।
প্রতিরক্ষা পক্ষের দাবি, বিক্ষোভকারীদের সহিংস হামলার জবাবেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল।
এছাড়া শেখ হাসিনা ইতোমধ্যেই আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও চলছে।
একই প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিকও বর্তমানে বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় বিচারাধীন। অভিযোগ অনুযায়ী, তিনি শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে পরিবারের জন্য জমির প্লট বরাদ্দে হস্তক্ষেপ করেন, যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে বিএনপি ফেভারিট হিসেবে বিবেচিত হলেও শেখ হাসিনার দল আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে।



