tanaka
প্রচ্ছদসারাদেশদৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে আরেক নারী খুন

দৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে আরেক নারী খুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে আরও এক যৌনকর্মীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পরপর দুটি হত্যাকাণ্ডে যৌনপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যৌনপল্লির উজ্জ্বল মণ্ডলের বাড়ির একটি কক্ষ থেকে হুসনে আরা খাতুন (৩৫) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ইট দিয়ে হুসনে আরার মাথায় আঘাত করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা ৬টার দিকে লাকী নামে পল্লির এক বাসিন্দা ঘরের দরজা খুলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত হুসনে আরার কথিত স্বামী ও পল্লির পল্লিচিকিৎসক মোস্তাককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত হুসনে আরা ময়মনসিংহের ধোবাউড়া থানার মুক্তাগাছা এলাকার আবু তালেবের মেয়ে।

এর আগে একই যৌনপল্লিতে সোনিয়া আক্তার নামে আরেক যৌনকর্মী কথিত প্রেমিকের মারধরে আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (৭ সেপ্টেম্বর) মারা যান। ওই ঘটনায় অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।