tanaka
প্রচ্ছদজাতীয়দেশে বেকারত্বের হার বেড়ে ২৮ শতাংশ: যুব সচিব

দেশে বেকারত্বের হার বেড়ে ২৮ শতাংশ: যুব সচিব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন, দেশে বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বেড়ে ২৮ শতাংশে পৌঁছেছে। আগে এই হার ছিল ২০ শতাংশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে ১৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বেকারত্ব বৃদ্ধির পেছনে দুর্নীতি, ব্যাংকিং খাতের ঋণ সংকটসহ নানা কারণ রয়েছে। তবে সরকার এ অবস্থা উত্তরণে নানা উদ্যোগ গ্রহণ করেছে।”

মাহবুব-উল-আলম আরও জানান, বর্তমানে দেশে ৭১টি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে, যেখানে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাধিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী সাইফুজ্জামান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, পরিচালক এম এ আখের, প্রকল্প পরিচালক সেলিম খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই মাসব্যাপী এ প্রশিক্ষণে প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।