স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই নতুন করে চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র জানতে এবং কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন তা সরাসরি মূল্যায়নের উদ্দেশ্যে দেশের বিভিন্ন হাসপাতাল হঠাৎ পরিদর্শন করা হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়া নিকট ভবিষ্যতে উপজেলা হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী এবং ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে জনগণকে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।



