বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং এনজিওসহ সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় বেসরকারি সংগঠনগুলো এক সময় রাষ্ট্রীয় উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিতো। এখনো উন্নত বাংলাদেশের লক্ষ্যে বিভিন্ন বেসরকারি সংস্থা সরকারের সহায়তায় কাজ করছে। তিনি মনে করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাই দেশকে এগিয়ে নিতে পারে।
বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতাল মিলনায়তনে ইনডেক্স গ্রুপ আয়োজিত “আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট): কৌশলগত সম্প্রসারণ প্রস্তাব” শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন মনির হোসেন।
আওয়ামী লীগের সমালোচনা করে শিমুল বিশ্বাস বলেন, “বিগত সময়ে সরকার শুধু বিরোধী দল নয়, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওকেও দলীয়করণের মাধ্যমে জনগণের কল্যাণ থেকে দূরে সরিয়ে রেখেছে।”
তিনি বলেন, দেশের প্রয়োজনেই সকল জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমপালস হাসপাতালের প্রিন্সিপাল রানা ফেরদৌস রত্না, পরিচালক খালেদা ইয়াসমিন, জান্নাতুল হক শাপলা, শিল্পপতি আজিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা নেছার আহমেদ নান্নু, সাংবাদিক মাহমুদুল হাসানসহ একাধিক তরুণ উদ্যোক্তা।



