tanaka
প্রচ্ছদজাতীয়দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির মাছ আমদানিকারকরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।

চিঠিতে সংগঠনটি জানায়, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিলেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন আমদানিকারকরা।

আমদানিকারকদের দাবি, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে মাত্র এক মাসের জন্য বিশেষভাবে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু এই স্বল্প সময়ের অনুমতি ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফল আনতে পারছে না।

চিঠিতে দুই বাংলার অভিন্ন সংস্কৃতি, ভাষা ও খাদ্যঐতিহ্যের কথাও তুলে ধরা হয়েছে। আমদানিকারকরা বলেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয়।

তাদের মতে, দুর্গাপূজার মতো বড় উৎসবকে সামনে রেখে নিয়মিত ইলিশ আমদানির সুযোগ দেওয়া হলে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ইলিশ রপ্তানির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে বলেও চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।