tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিদুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে চক্রান্ত চলছে: রিজভী

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে চক্রান্ত চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে।

বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যারা ফ্যাসিস্ট ও অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা পারিবারিক রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তিনি দেশটাকে নিজের সম্পত্তি মনে করেছেন। রাজনৈতিক স্বার্থে বহুদিন ধরে ধর্মীয় উৎসবগুলোকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখনও সেই প্রচেষ্টা চলছে। একটি দেশ চায়, হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে। তবে বাংলাদেশকে কোনোভাবেই উপনিবেশে পরিণত করা যাবে না।”

বিএনপির মুখপাত্র জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হিন্দু-মুসলমান সবাই এক হয়ে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজাকে কেন্দ্র করে সতর্কভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “আমরা নিশ্চিত করছি, যেন কেউ পূজাকে কেন্দ্র করে কোনো নাশকতা বা রাজনৈতিক অপতৎপরতা চালাতে না পারে। বাংলাদেশের মুখমণ্ডল কলঙ্কিত হতে দেওয়া হবে না।”

রিজভী স্মরণ করিয়ে দেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান একসঙ্গে লড়াই করেছে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আজও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবার একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি সব রাজনৈতিক দল ও নাগরিকদের প্রতি আহ্বান জানান—দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার জন্য।

এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা জয়দেব, ডা. জাহিদুল কবির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় রুহুল কবির রিজভী রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সের লেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন।