আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করতে আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে।
১০ ডিসেম্বর দুপুর ১২টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী, ভোটের তফসিল ঘোষণার আগে সিইসির রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিনে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, “ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতাই বাকি।” তিনি আরও বলেন, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে তফসিল অন্তর্ভুক্ত থাকবে। পরে তা প্রচার করা হবে।
অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।



