tanaka
প্রচ্ছদসারাদেশদুই দশক পর কক্সবাজারে তারেক রহমান, জেলায় উৎসবমুখর প্রস্তুতি

দুই দশক পর কক্সবাজারে তারেক রহমান, জেলায় উৎসবমুখর প্রস্তুতি

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শনিবার (১৩ জুন) দিনব্যাপী সফরে তিনি কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার সদর, চকরিয়া ও পেকুয়ায় সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।

জানা গেছে, শনিবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন এবং সেখানে এক পথসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সফরসূচিতে আরও রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ পেকুয়ার সন্তান ওয়াসীমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। পাশাপাশি নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করবেন তিনি।

দুপুরে পেকুয়ায় মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে তিনি কক্সবাজার শহরে ফিরে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন। রাত ৮টায় হোটেল লং বিচ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেওয়ার পর রাতেই ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর সফর তদারকিতে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই দিনের সফরে কক্সবাজারে অবস্থান করছেন। এছাড়া সফর উপলক্ষে সরকারের ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও কক্সবাজারে পৌঁছেছেন। তারা হলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এদিকে সফরকে কেন্দ্র করে পুরো কক্সবাজারে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানিয়েছেন, জেলায় তিন হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে স্থানীয় ও বাইরের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। প্রধানমন্ত্রীর সফরস্থলগুলো আগাম পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, জনদুর্ভোগ এড়াতে সফরপথে সড়ক ও উপসড়কে গেট কিংবা তোরণ নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যানার ও ফেস্টুন টাঙানোর সুযোগ রাখা হয়েছে।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক বলেন, “তারেক রহমানের আগমন ঘিরে চকরিয়াজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। তাকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী জানিয়েছেন, জনসভায় বৃহত্তর চকরিয়া এলাকার ৫০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। এছাড়া আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে তারা আশা করছেন।