সীমান্তে অবৈধ পুশইন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কথিত অপতৎপরতা এবং ‘ফ্যাসিবাদের’ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মহানগর উত্তর ও দক্ষিণ।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি নাদিম হাসান বলেন, সীমান্তে অবৈধ পুশইন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। এ বিষয়ে ভারতকে আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবাধিকার নীতিমালা মেনে চলতে হবে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারকে এ ধরনের পুশইন বন্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের জামিন পাওয়া গেলেও গণহত্যা ও দুর্নীতির সুষ্ঠু বিচার দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, সারা দেশে পতিত ফ্যাসিস্ট ও ‘খুনি’ আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। দলমত নির্বিশেষে এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এসবের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সোচ্চার রয়েছে। সম্প্রতি সীমান্তে ভারতীয় নাগরিকদের ‘পুশইন’ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি অব্যাহত থাকলে সংগঠনটি সীমান্ত অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও নীলা শেখ, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্লাবন আহমেদ ও রাসেল মুন, সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।



