বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি, তখন তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। এমন সময়ে তার দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে কোনো তথ্য নেই। তার স্ট্যাটাস সংবেদনশীল হলেও দেশে আসতে চাইলে তাকে ওয়ান-টাইম ট্রাভেল পাস দেওয়া হবে। চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই পাস ইস্যু করতে পারে।”
তার দেশে ফেরা নিয়ে বিদেশি কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন,
“তিনি লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন—এটি সরকার জানে না। তবে তিনি ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকে দেবে—এমন সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ যদি কোনো নাগরিককে ফিরিয়ে আনতে চায়, অন্য দেশ বাধা দিতে পারে না।”
এর আগে শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানান,
“তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।”
সময় সংবাদকে ফোনে তিনি আরও বলেন, “তিনি যখন ইচ্ছা দেশে ফিরতে পারেন। তিনি একটি বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান—ফেরার সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।”
এরই মধ্যে তারেক রহমান নিজেও এক ফেসবুক পোস্টে লেখেন, “এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার একক নিয়ন্ত্রণাধীন নয়।”
বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তিনি জানান, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় এলে তিনি দেশে ফিরবেন।



