আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে সেনাবাহিনী মোট ১ হাজার ৭৭৪ জনকে আটক করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআরের তথ্যমতে, গত ১১ ডিসেম্বর তপশিল ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে আটক করা হয়েছে ১ হাজার ৭৭৪ জনকে।
এর আগে গত ৩০ জানুয়ারি আইএসপিআর জানায়, ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মাত্র এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।



