tanaka
প্রচ্ছদজাতীয়তথ্য মন্ত্রণালয়ে এখন দুই পূর্ণমন্ত্রী!

তথ্য মন্ত্রণালয়ে এখন দুই পূর্ণমন্ত্রী!

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর মন্ত্রণালয়টিতে এখন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দুজন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেন আন্দালিভ রহমান। পরে মধ্যরাতে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জহির উদ্দিন স্বপন। ফলে নতুন করে আন্দালিভ রহমানকে একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় সেখানে পূর্ণমন্ত্রী এখন দুজন।

তবে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে বলে আলোচনা রয়েছে। যদিও শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জহির উদ্দিন স্বপন। নির্বাচনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হলে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় একই মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হলো।