আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে তৎপরতা ও তোড়জোড়। এরই ধারাবাহিকতায় ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) এলাকায়ও বইছে নির্বাচনি আমেজ। ভোটারদের মন জয় করতে সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন জোর প্রচারণা। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে এলাকার অলিগলি ও সড়ক।
এদিকে, আসন্ন নির্বাচনে ভোট দিয়ে কাকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন—তা নিয়ে হিসাব-নিকাশ কষছেন ভোটাররাও। স্থানীয়দের সঙ্গে প্রার্থীদের সম্পর্ক, নাগরিক ভোগান্তি নিরসনে গৃহীত উদ্যোগ, এবং বিগত দিনে দলের জন্য দেওয়া ত্যাগ—এসব বিষয়ই এবার নির্বাচনি প্রতিযোগিতায় প্রার্থীদের এগিয়ে রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়রা।



