tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ

রাজধানীর যানজট কমাতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান ডিপোগুলোকে বিকল্পভাবে ব্যবহারের পরিকল্পনাও করা হচ্ছে।

রোববার সচিবালয়ে বৃহত্তর ঢাকার যানজট নিরসনে গঠিত জাতীয় কমিটির সভা শেষে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর ভেতরে বাস ও গণপরিবহনের অতিরিক্ত চাপ যানজটের অন্যতম কারণ। এ চাপ কমাতে বর্তমান টার্মিনালগুলোর ওপর নির্ভরতা কমিয়ে কাচপুর, পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় বিকল্প টার্মিনাল ও ডিপো ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গাবতলী বাস টার্মিনাল আরও সম্প্রসারণ এবং এর পাশের নতুন জায়গাগুলো দ্রুত কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়েছে। রাজধানীর প্রবেশপথে গণপরিবহনের চাপ কমাতে এসব বিকল্প অবকাঠামো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ ঢাকার আশপাশের এলাকায় সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সড়ক ও মহাসড়কগুলো যান চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় থাকা টার্মিনালগুলোও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। সেখানে বাস কাউন্টার, যাত্রীসেবা, পার্কিং ও পরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বিশেষ করে এসি বাসগুলোর জন্য নির্দিষ্ট টার্মিনাল ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। কোথায় ও কীভাবে বাস কাউন্টার এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে, তা সিটি করপোরেশন ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু সড়ক প্রশস্ত করা বা নতুন সড়ক নির্মাণ করলেই ঢাকার যানজটের সমাধান হবে না। টার্মিনাল ব্যবস্থাপনা, বাস চলাচল, পার্কিং, কাউন্টার এবং রাজধানীর প্রবেশ ও বহির্গমনপথে যানবাহনের চাপ—সবকিছু সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ধীরগতিতে থাকা কাজগুলো দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

লক্ষ্য একটাই—রাজধানীর ভেতরে গণপরিবহনের চাপ কমিয়ে ঢাকার যানজট নিয়ন্ত্রণে আনা।