ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যে দিনগুলোতে কম-বেশি বৃষ্টি হয় সেসব দিনেও তেমন ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। সাম্প্রতিক দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।
আজ সোমবার (২৪ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৮টায় তালিকার ২০তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৮০।
এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৮টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।



