tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র

  1. বাংলাদেশি নাগরিকদের জন্য দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে কার্যক্রম শুরু করবে নতুন এ কেন্দ্র।

    নতুন কেন্দ্র চালুর সঙ্গে সাধারণ ভিসার আবেদন এবং পাসপোর্ট ফেরত পাওয়ার প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাস জানিয়েছে, কেন্দ্রটি চালুর পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে।

    কূটনৈতিক ভিসায় পরিবর্তন নেই

    কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে অবশ্য বর্তমান নিয়মই বহাল থাকবে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসা ইস্যুর কাজ সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকেই করা হবে।

    কোথায় হবে নতুন কেন্দ্র?

    নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অবস্থিত হবে:

    ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার
    প্লট-৮০, ব্লক-বি
    কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী
    ঢাকা-১২১৩

    থাকবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট

    নতুন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা চালু করা হবে। তবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবং ঠিক কবে থেকে এ সেবা পাওয়া যাবে, তা আগামী ২৭ আগস্ট পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে দূতাবাস।

    এ ছাড়া ভিসা আবেদন কেন্দ্রের সেবার সময়সূচি, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য নিয়মও পরবর্তী সময়ে বিস্তারিত প্রকাশ করা হবে।

    কিছু সেবা দূতাবাসেই থাকবে

    ভিসা আবেদন কেন্দ্র চালু হলেও নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবা আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।

    দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের নতুন কেন্দ্রের বিষয়ে দূতাবাসের পরবর্তী নির্দেশনা ও বিজ্ঞপ্তিগুলো নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।

    দূতাবাসের আশা, আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু হলে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসাসংক্রান্ত কার্যক্রম আরও সুশৃঙ্খল ও সহজ হবে।