tanaka
প্রচ্ছদসারাদেশডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৫৯৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৫৯৩

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩২ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি এলাকার বাইরে বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৪ জন।

ঢাকা বিভাগের পর রোগী ভর্তির সংখ্যা বেশি ছিল খুলনা বিভাগে। সেখানে ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৭, বরিশালে ১৫৪, রাজশাহীতে ১৩৭, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ এবং সিলেটে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ৫৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৬১০ জন।

নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৮৭ জন। মাসভিত্তিক হিসাবে এটিই চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

এদিকে গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ।