tanaka
প্রচ্ছদজাতীয়ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। নির্বাচনের নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত নির্বাচন প্রস্তুতিবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন দায়িত্বে কর্মকর্তাদের পদায়ন শুরু হবে। তবে গত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারে রাখা হবে না।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। দেশ-বিদেশের নানা শক্তি নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করতে পারে। হঠাৎ আক্রমণ বা অপতৎপরতা দেখা দিতে পারে, তবে যেকোনো পরিস্থিতি আমরা মোকাবিলা করব।”

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হবে। এআই-নির্ভর ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হতে পারে। তাই অপপ্রচার শুরু হতেই সেটি প্রতিহত করতে হবে, যাতে ছড়িয়ে না পড়ে।”

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, নির্বাচনকে সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ভোটের নিয়ম, ভোটকেন্দ্রে আচরণবিধি এবং বিশৃঙ্খলা দেখা দিলে করণীয়— এসব বিষয়ে সাধারণ মানুষকে জানাতে হবে।

এ লক্ষ্যে নির্বাচন কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও তথ্যচিত্র তৈরির জন্য। এসব কনটেন্ট দ্রুত ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে মানুষ নিজে থেকেই প্রস্তুত হতে পারে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।