ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের জন্য ৬৪ জেলার তালিকা প্রস্তুত করা হয়েছে। শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনের এলাকায় কাউকে পদায়ন করা হবে না। এছাড়া গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।
শফিকুল আলম আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে ও বিদেশে ‘এআই’-এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এ ধরনের অপপ্রচার ঠেকাতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় বিশেষ কমিটি গঠন করা হবে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, “নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাইরে থেকে বিভিন্ন অপশক্তি সক্রিয় হতে পারে। তারা বড় শক্তি নিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা চালাবে। হঠাৎ করে আক্রমণও হতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। যত ঝড়-ঝাপ্টাই আসুক, আমাদের তা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।”



