tanaka
প্রচ্ছদরাজধানীডিএনসিসি তহবিল নিয়ে প্রশাসকদের মধ্যে তীব্র মতবিরোধ

ডিএনসিসি তহবিল নিয়ে প্রশাসকদের মধ্যে তীব্র মতবিরোধ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তহবিল নিয়ে প্রশাসকদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ দাবি করেছেন, তিনি গত ১০ ফেব্রুয়ারি দায়িত্ব ছাড়ার সময় কর্পোরেশনের ২৬টি ব্যাংক হিসাব মিলিয়ে ১২৬০ কোটি টাকার বেশি তহবিল রেখে গেছেন। অপরদিকে, বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলছেন, ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা রয়েছে।

সাবেক প্রশাসক এজাজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে এই তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এক বছরের জন্য নিয়োগপ্রাপ্ত ছিলাম। আমার মেয়াদ শেষ হওয়ায় ১০ ফেব্রুয়ারি দায়িত্ব বুঝিয়ে দিই। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬টি একাউন্টে মোট ১২৬০ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৩১১ টাকা ৬০ পয়সা তহবিলে জমা রেখে একটি সমৃদ্ধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমি ছাড়ছি।”

তিনি আরও উল্লেখ করেন, “আশা করি বর্তমান টিম সুন্দর ঢাকা গড়ার কাজ আরও ভালোভাবে করবে, শুভকামনা।”

অন্যদিকে, বুধবার (৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের দু’দিন আগে, ১০ ফেব্রুয়ারি সাবেক প্রশাসক অফিস শেষ করেছেন। সেদিন তিনি ৩৪টি ফাইল সাইন করে গেছেন।”

বর্তমান প্রশাসক আরও জানান, “উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে। কর্পোরেশন এখন একেবারেই ভঙ্গুর অবস্থায় রয়েছে, কোনো ফান্ড নেই। ইতোমধ্যে ১৪৭০ কোটি টাকার টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। ফলে বিপুল পরিমাণ অর্থ পরিশোধের দায়িত্ব এখন কর্পোরেশনকে বহন করতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ শফিকুল ইসলাম খান মিল্টনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় এই দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ এজাজ।