ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়া অভিমুখে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ট্রেন থামানো হয়।
এসময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।
ওসি আরও জানান, খবর পেয়ে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



