tanaka
প্রচ্ছদসারাদেশটেকনাফে নিউ জামাল মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১৫ দোকান

টেকনাফে নিউ জামাল মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১৫ দোকান

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশনে অবস্থিত নিউ জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে লাগা এ আগুনে কাপড়, রঙ ও ইলেকট্রনিক্সের দোকানসহ অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ও আংশিকভাবে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষ হলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিউ জামাল মার্কেটের ‘মিয়ার দোকান’ নামে একটি ওয়েল্ডিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের ভয়াবহ শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা জীবন বাঁচানোর পাশাপাশি দোকানের মালামাল সরিয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই অন্তত ১৫টি বড় দোকান ও শোরুমের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোছাইন বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে একটি ওয়েল্ডিংয়ের দোকানে কাজ চলাকালে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আগুনে এলাকার বেশ কয়েকজন বড় ব্যবসায়ী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, রাতে বেচাকেনা চলার সময় হঠাৎ আগুন লাগায় তারা অধিকাংশ মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। চোখের সামনে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, চূড়ান্ত হিসাব শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির যথাযথ হিসাব এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনে কার্যকর সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।