tanaka
প্রচ্ছদজাতীয়জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সময়ে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের আমলে সৃষ্ট জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিএনপি সবসময় রাজপথে থেকে আন্দোলন করেছে এবং কখনো গুপ্ত অবস্থান থেকে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি—এমন দাবি করে দলটির চেয়ারম্যান প্রশ্ন তোলেন, ‘গুপ্তদের মধ্য থেকে কি কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে? তাহলে কি তারাই স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে? স্বৈরাচার কি আবার গুপ্তদের মধ্যে গুপ্ত হয়ে আছে? একজন কি আরেকজনকে আড়াল করার চেষ্টা করছে?’

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে। একই সঙ্গে মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি দলের নেতা-কর্মীদেরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।