বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, গত বছরের ১৯ জুলাই গুলিবিদ্ধ আহতদের সংখ্যা বাড়তে থাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উপস্থিত হন। সেই সময় গুলিবিদ্ধ নতুন রোগীদের ভর্তি না করার জন্য ডিবির পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান।
তিনি জানান, ডিবির সদস্যরা তাকে সতর্ক করে বলেন, “অতি উৎসাহী হবেন না, আপনি বিপদে পড়বেন। যাদের ভর্তি করেছেন, তাদের রিলিজ দেবেন না। এ বিষয়ে ওপরের নির্দেশ রয়েছে।” ডিবির হুমকির কথাও তিনি তাঁর জবানবন্দিতে উল্লেখ করেন।
তবে তদন্ত কর্মকর্তার কাছে এ সংক্রান্ত সব কথা তিনি বলেননি। ট্রাইব্যুনালে প্রশ্নের জবাবে জানান, কিছু তথ্য তদন্ত কর্মকর্তা লেখেননি, আবার কিছু কথা বলা তার ভুলে গিয়েছিল, যা তিনি ট্রাইব্যুনালে তুলে ধরেছেন।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেলে তার সাক্ষ্যগ্রহণ হয়। মামলাটি জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত।
এ মামলায় ডা. মাহফুজুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের মৃত্যুদণ্ড দাবি করেন।
এদিন বেলা ১১টা ২৫ মিনিটে তাকে ১৩ নম্বর সাক্ষী হিসেবে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, যিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে দায়িত্বপ্রাপ্ত।
এছাড়া একই মামলায় একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীনও সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলাটিতে মোট ১৪ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন।



