বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের সময় সমাধিস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নিরাপত্তা বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দলের নেতাকর্মী ও সমর্থকেরা মির্জা ফখরুলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
মির্জা ফখরুল পৃথকভাবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে একাধিকবার শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।



