করোনা পরীক্ষার জালিয়াতি মামলায় অভিযুক্ত চিকিৎসক ডা. সাবরিনা শারমিন হোসেনকে সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে দেখা গেছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “করোনার সার্টিফিকেট জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত একজন বিতর্কিত ব্যক্তি কীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সুযোগ পেলেন? এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”
উল্লেখ্য, সাবরিনা শারমিন হোসেন ও তার স্বামী আরিফুল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা যৌথভাবে জেকেজি হেলথ কেয়ারের ব্যানারে অনুমোদনহীনভাবে কোভিড-১৯ নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ পরিচালনা করেন। দুদকের অনুসন্ধানে উঠে আসে, তারা বিনামূল্যে সেবা দেওয়ার শর্ত ভঙ্গ করে প্রতিটি টেস্টের জন্য ৫ থেকে ৮ হাজার টাকা আদায় করেন এবং প্রায় ১৫ হাজার ৪৬০টি ভুয়া রিপোর্ট তৈরি করেন। এতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হয়।
লকডাউনের সময়ে তাদের ওভাল গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার বেশি জমা হয় বলে দুদকের তদন্তে উঠে এসেছে।
এছাড়া ডা. সাবরিনার বিরুদ্ধে দুটি ভিন্ন জাতীয় পরিচয়পত্র তৈরি ও তথ্য গোপনের অভিযোগও রয়েছে, যেখানে জন্মতারিখ ও স্বামীর নামের ভিন্নতা পাওয়া গেছে।



