জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সোমবার (৩১ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, লারাক দ্বীপে হামলার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ‘আগ্রাসনের শাস্তি’ নামে পরিচালিত অভিযানে জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে ইরানের এই বাহিনী।
আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটি দুটির কারিগরি ও মেরামত অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থানগুলো ধ্বংস হয়েছে। এতে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।
বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার উদ্দেশ্যে কোনো ধরনের আগ্রাসন বা হামলা চালিয়ে সফল হওয়া যাবে না। ইরানের ওপর প্রতিটি হামলার জবাব আরও শক্তিশালীভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা জর্ডান সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে আইআরজিসির দাবি করা হামলা ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আলজাজিরা



