tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। সোমবার ইরানের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির লারাক দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ইরান এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি এবং হরমুজ প্রণালিতে থাকা মার্কিন জাহাজ ছিল বলে দাবি করা হয়েছে।

তবে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান হামলা চালায়। নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্রই মাঝপথে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ বিষয়ে ভিন্ন দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ স্থাপনা এবং মার্কিন যুদ্ধবিমান রাখার এলাকাগুলোতে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স ফক্স নিউজকে জানান, হরমুজ প্রণালিতে রকেট নিক্ষেপ এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার প্রস্তুতি নেওয়ার সময় আইআরজিসির দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালায় মার্কিন বাহিনী।

আইআরজিসি আরও জানিয়েছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় তাদের কয়েকজন সদস্য ও বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছেন। এর জবাবে প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সূত্র: শাফাক নিউজ