জর্ডানের আকাবা শিল্পাঞ্চলে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল মামলাকা এ তথ্য জানিয়েছে।
গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণাঞ্চলীয় আকাবা বন্দর দ্রুত খালি করে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানা গেছে, শিল্পাঞ্চলে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে গ্যাস লিকের ঘটনা ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় গ্যাসের নির্গমন ওই কমপ্লেক্সের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ঘটনার পর আকাবার জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা তৎপর রয়েছে। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: আল-জাজিরা



