tanaka
প্রচ্ছদজাতীয়চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কিনতে চুক্তির খসড়া প্রস্তুত ঢাকার

চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কিনতে চুক্তির খসড়া প্রস্তুত ঢাকার

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে আলোচনার জন্য একটি খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবে চতুর্থ প্রজন্মের বিভিন্ন ধরনের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ), ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

এগুলোর জন্য চলতি অর্থবছরে বাজেট সহায়তা পাওয়া গেলে তা বাস্তবায়ন করা হবে। অন্যথায় পরবর্তী অর্থবছরের বাজেটে এসব কার্যক্রম নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

চীনা যুদ্ধবিমান কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, এমআরসিএ (জে-১০ সিই) ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নেগোসিয়েশন মিটিংয়ের জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে।

জে-১০ সিই বেছে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে—এমন দাবি ও তথ্য আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। তাঁর মতে, ওই ঘটনার পর চীনের তৈরি এই মাল্টিরোল ফাইটারের সক্ষমতার বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, রাফালকে ৪.৫ প্রজন্মের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর সঙ্গে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে জে-১০-এর কার্যকারিতা বাংলাদেশের নজরে এসেছে। এ কারণে জে-১০ সিই সংগ্রহের বিষয়ে বাংলাদেশ গুরুত্ব দিয়ে এগোচ্ছে এবং প্রক্রিয়াটি ভালোভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।